হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫ টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ প্রায় ৬৪৩ ভরি। ২৪ ক্যারেটের এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।’
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।’
আটক ব্যক্তিরা হলেন-মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মুন্সিগঞ্জের সদর উপজেলার বাসিন্দা; মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩), নোয়াখালীর সুধারাম উপজেলার বাসিন্দা এবং মো. শাওন (৩৯), কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা।’

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।’
পরে এয়ারপোর্ট এপিবিএন কার্যালয়ে আটক ব্যক্তিদের মধ্যে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫ টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরবর্তী সময়ে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ করে বস্তুগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়।উদ্ধার করা স্বর্ণের পেস্টগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট। এগুলোর মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। এ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।’
অভিনব কৌশলে শরীরের সঙ্গে লুকিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো বহন করা হচ্ছিল বলে জানিয়েছে এপিবিএন।
সৌদি আরব থেকে স্বর্ণ আনার অভিযোগ-
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জাকিরুল ইসলাম জুয়েল ও শাওনসহ দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন তিনি।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। তারা একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করছে এপিবিএন।’
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
এপিবিএনের ভাষ্য অনুযায়ী, ‘আটক ব্যক্তিরা অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ বাংলাদেশে এনে নিজেদের হেফাজতে রেখেছিলেন। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় অপরাধ সংঘটনের বিষয়টি প্রতীয়মান হয়েছে।’
চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত–
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, এয়ারপোর্ট আর্মড পুলিশ যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বরাবরই সক্রিয় ও কঠোর অবস্থান গ্রহণ করে আসছে।’
তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন, একটি চক্র পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।’
বশির আহমেদ আরও বলেন, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছেন, তা শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশের এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
এসসি//



