রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতার মধ্যে পড়ে আমিরুল ইসলাম (৩৯) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ২ টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল সদর থানার চরপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখে পরিচয় শনাক্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প।’
তাকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক মো ইমরান ফকির জানান, তিনি নামাজ শেষে একটি কাজের জন্য ভাগনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রায়েরবাগ ফুটওভার ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় দেখেন, দুটি বাস একে অপরের সঙ্গে বিপজ্জনকভাবে প্রতিযোগিতা করছে। এর মধ্যে একটি বাস আগে চলে যায়। পরে পেছনে থাকা বাসটি দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার সময় সামনে থাকা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।’
তিনি বলেন,বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন। এতে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর অনেক মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে থাকলেও কেউ ধরার সাহস পাচ্ছিলেন না। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’
এসসি//




