শিল্পকারখানা অধ্যুষিত সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর অন্তত ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা।‘
সোমবার (২ নভেম্বর) বিকেলে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।’
এর আগে সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’
শ্রমিকরা জানান, ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন, কালো তালিকাভুক্তিকরণ বন্ধ ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।সকালে তিন দফা দাবিতে নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে আশুলিয়া থানা পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।’
অপরদিকে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে পথে কর্মবিরতি পালন করেন। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে এসে জড়ো হন। এসময় নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন, অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি পোশাক কারখানা গতকালের মতো আজও সাধারণ ছুটি ঘোষণা করে। পরে পোশাক শ্রমিকরা সড়কে এসে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়।’
এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। উত্তেজিত পোশাক শ্রমিকরা নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে। শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ওই এলাকায় থমথমে অবস্থা সৃষ্টি হয়।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পিকার্ড বাংলাদেশ লি., আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার লি., ফেরারি গার্মেন্টস লি., ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড, জি.কিউ. ইন্ড্রাস্ট্রিজ পোশাক কারখানার সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়। এসময় দুই পোশাক শ্রমিককে আটক করে পুলিশ।’
শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, তিন দফা দাবিতে শিল্পাঞ্চল সাভারে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এর পেক্ষিতে সাভার ও আশুলিয়ায় ২৬৪টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এ দুই শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এসএএ//




