রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলামিন, আসলাম ও জুলহাস। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট সংলগ্ন লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলামিনকে ছিনতাইকারী দলের নেতা বলে জানিয়েছে এসআরবি-২।

দুপুরে ২ টার দিকে এসআরবি ২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি) কমান্ডার হাসান মোহতারিম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত।পাশাপাশি তারা ছিনতাইকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ছিনতাইকারী ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধীর দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে এসআরবি-২। ছিনতাইকারী চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে পরিচালিত অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ক্রিমিনাল রেকর্ড (পিসিপিআর) যাচাই করে দেখা গেছে, আলামিনের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা রয়েছে। আসলামের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানা হস্তান্তর করা হয়েছে।
এসসি//



