বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী অনেক ক্রীড়া সংগঠক হঠাৎ করেই আজ সকালে মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাদের অভিযোগ, নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করছে সরকার। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“ফিক্সিংটা তামিম ভাইরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারি এদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে কাউন্সিলর দিতে বলা হয়েছে, ডিসি-দেরকে ধমক দেয়া হয়েছে। অনেক কিছু করা হয়েছে। কিন্তু ইলেকশন ফিক্স করার চেষ্টা ব্যর্থ হয়েছে।”
📌 আন্তর্জাতিক মহলে অভিযোগ
আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন,
“কেউ একজন বিরাট কোহলিকে ফোন করে এসব অভিযোগ দিয়েছে। পরে কোহলি সেটা গৌতম গম্ভীর বা অন্যদের সঙ্গে শেয়ার করেছেন। এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক।”
🏏 পাপনের সাথে তুলনা প্রসঙ্গে প্রতিক্রিয়া
সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মতো আচরণ করছেন—এমন অভিযোগের জবাবে আসিফ মাহমুদ বলেন,
“পাপন ভাইয়ের সময় আওয়ামী লীগের নেতা বা তাদের ছেলেরা কাউন্সিলর হিসেবে আসতো, যাদের ক্রীড়া সংস্থার সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমরা এখন ক্রীড়া সংগঠকদের নিয়ে আসছি।”
তিনি উদাহরণ টেনে বলেন,
“রাজ্জাক রাজ ভাই আমার ব্যক্তিগত কিছু নন। আমি শেষবার ওনার সাথে দেখা করেছি এক বছর আগে বোর্ডে কাজ করার সময়।”
⚡ বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপ
তামিম ইকবাল ও তার ঘনিষ্ঠ ক্রীড়া সংগঠকরা দাবি করেছেন, বর্তমান সরকার তাদের নির্বাচন থেকে সরিয়ে দিতে নানা চাপ প্রয়োগ করছে। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তা অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেছেন তামিমদের বিরুদ্ধেই।
এদিকে নির্বাচনকে ঘিরে খেলাধুলার পাশাপাশি দেশের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, নির্বাচনকে ঘিরে এসব বিতর্ক বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’
এসসি//



