আইপিএল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও থেমে নেই ভারতীয় স্পিন জাদুকর রবিচন্দ্রন অশ্বিন। এবার তার চোখ অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার দিকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে, যা তাকে ২০২৫-২৬ মৌসুমে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ নিজেই অশ্বিনের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, “অশ্বিনের মতো বিশ্বমানের ক্রিকেটারকে বিগ ব্যাশে আনা আমাদের জন্য সম্মানের। তার অভিজ্ঞতা ও দক্ষতা দর্শক এবং তরুণ খেলোয়াড়দের জন্য নতুন মাত্রা যোগ করবে।”
অশ্বিনও আগেই ইঙ্গিত দিয়েছিলেন, আইপিএল ছাড়ার পর তিনি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে আগ্রহী। তবে এখনো কত ম্যাচে অংশ নেবেন এবং কোন দলের হয়ে খেলবেন—তা চূড়ান্ত হয়নি। সূত্র বলছে, মেলবোর্নে খেলার সম্ভাবনা বেশি। এটি হলে প্রথমবারের মতো কোনো হাই-প্রোফাইল ভারতীয় ক্রিকেটারকে বিবিএলে দেখা যাবে।
বিশ্লেষকদের মতে, অশ্বিনের এই সম্ভাব্য যোগদান শুধু মাঠেই নয়, বাণিজ্যিক দিক থেকেও বড় প্রভাব ফেলবে। দক্ষিণ এশীয় দর্শক ও বিনিয়োগকারীদের নজর কাড়তে পারবেন তিনি। এতদিন বিবিএল বড় বিদেশি তারকাদের আকর্ষণে কিছুটা পিছিয়ে ছিল। অশ্বিনের অভিষেক সেই ঘাটতি পূরণ করতে পারে।’
এছাড়া, অশ্বিন সাম্প্রতিক সময়ে কোচিং, পডকাস্ট ও কনটেন্ট ক্রিয়েশনেও সক্রিয়। তার মিডিয়া উপস্থিতি বিবিএলের জন্য বাড়তি সুবিধা তৈরি করবে। ডিনেশ কার্তিক যদিও এর আগে এসএ২০ লিগে খেলেছেন, তবে অশ্বিনের মতো আন্তর্জাতিক মানের তারকার বিগ ব্যাশে খেলা নিঃসন্দেহে ঐতিহাসিক হবে।
এই পদক্ষেপ ভবিষ্যতে অন্য ভারতীয় ক্রিকেটারদের জন্যও নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, সুর্যকুমার যাদব বা জাসপ্রিত বুমরাহরাও হয়তো আইপিএল ক্যারিয়ার শেষে বৈশ্বিক টি-টোয়েন্টি লিগগুলোতে অংশ নেওয়ার কথা ভাববেন।
এক দশকের বেশি সময় ধরে আইপিএল ছিল ভারতীয় তারকাদের একচেটিয়া মঞ্চ। তবে রবিচন্দ্রন অশ্বিনের সম্ভাব্য বিবিএল যাত্রা ভারতীয় ক্রিকেটারদের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের নতুন অধ্যায় সূচনা করতে পারে।’
এসসি//



