শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Sponsored Ads
Mehedi Hasan
খেলাবিশ্বকাপ ২০২৬: আনচেলত্তির অধীনে প্রথম জয়ে ব্রাজিলের টিকিট নিশ্চিত

বিশ্বকাপ ২০২৬: আনচেলত্তির অধীনে প্রথম জয়ে ব্রাজিলের টিকিট নিশ্চিত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। কোচ কার্লো আনচেলত্তির অধীনে বাছাইপর্বে প্রথম জয় পেয়ে কনমেবল অঞ্চলের শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের এই জয় আনচেলত্তির জন্য ছিল দ্বিগুণ তাৎপর্যময়, কারণ এদিন ছিল তার জন্মদিন এবং ব্রাজিলের ঘরের মাঠে তার প্রথম ম্যাচ।

ভিনিসিয়ুস জুনিয়রের প্রথমার্ধের শেষ মিনিটে করা একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ আনচেলত্তির অধীনে এটি ছিল দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল, তাই আজকের জয়টি সেলেসাওদের জন্য ছিল খুবই প্রয়োজনীয়।

এই জয়ের ফলে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে কনমেবল বাছাইপর্বের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল, এবং নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ। ফুটবলের ইতিহাসে একমাত্র দেশ হিসেবে ১৯৩০ সাল থেকে টানা সবগুলো বিশ্বকাপে খেলার রেকর্ড ধরে রেখেছে তারা।

২০২৬ বিশ্বকাপের ভেন্যু ও ফরম্যাট

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বসবে ২০২৬ বিশ্বকাপের আসর। এই প্রথমবারের মতো অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ৪৮-এ উন্নীত করেছে ফিফা। ইউরোপ থেকে সর্বোচ্চ ১৬টি দল বিশ্বকাপে খেলবে, আফ্রিকা ও এশিয়া অঞ্চল থেকে ৮টি করে, দক্ষিণ ও উত্তর আমেরিকা থেকে ৬টি করে এবং ওশেনিয়া থেকে ১টি দল সুযোগ পাবে। বাকি দুটি দল বাছাই হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে।

এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা দেশগুলো (১১ জুন ২০২৫ পর্যন্ত):

যুক্তরাষ্ট্র (স্বাগতিক)

কানাডা (স্বাগতিক)

মেক্সিকো (স্বাগতিক)

আর্জেন্টিনা

ব্রাজিল

ইকুয়েডর

জাপান

ইরান

দক্ষিণ কোরিয়া

অস্ট্রেলিয়া

উজবেকিস্তান

জর্ডান

নিউজিল্যান্ড

নতুন চমক: উজবেকিস্তান ও জর্ডান

প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এশিয়ার দুই দল—উজবেকিস্তান ও জর্ডান। বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস গড়েছে এই দুই দেশ।

ব্রাজিলের জন্য এই জয় শুধু একটি বিশ্বকাপ নিশ্চিত করার চেয়েও বেশি কিছু। এটি ছিল নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভবিষ্যতের সম্ভাবনার এক ঝলক। সমর্থকরা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, তেমনি ফুটবলবিশ্ব তাকিয়ে থাকবে ব্রাজিল দল কতটা ধারাবাহিকতা ধরে রাখতে পারে সেই দিকেও।

এসসি//

সম্পর্কিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Sponsored Ads
KINIVALO

গুরুত্বপূর্ণ সংবাদ

সাম্প্রতিক মন্তব্য