অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা বারবার আহ্বান জানাচ্ছি—অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকেই কেয়ারটেকার সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করুক। প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ করতে হবে। যারা পূর্ববর্তী সরকারের অনুগত ফ্যাসিস্ট দোসর হিসেবে কাজ করেছে, তাদের সরিয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “বিশেষ করে পুলিশের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। প্রশাসনের ওপর কোনো রাজনৈতিক প্রভাব থাকা চলবে না। নির্বাচন যেন সম্পূর্ণ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়—সেটাই এখন প্রধান শর্ত।”
বিএনপি মহাসচিব আরও দাবি করেন, সরকারের ভেতরে যদি এখনো কোনো দলীয় প্রভাবশালী কর্মকর্তা থাকেন, তাহলে তাদেরও অপসারণ করতে হবে।
এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।”
বৈঠক শেষে দলীয় নেতারা জানান, নির্বাচনকালীন প্রশাসনকে নিরপেক্ষ রাখা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা নিয়েই প্রধানত আলোচনা হয়েছে।’
এসসি//



