বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ইসলামী আন্দোলন বাংলাদেশকে “জাতীয় বেইমান” আখ্যায়িত করে বলেছেন, তারা গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে দালালি করেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর আউটার স্টেডিয়ামে সদর উপজেলা (পূর্ব) বিএনপির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, “এমন কোনো দালালি ছিল না, যা ইসলামী আন্দোলন করেনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তারা শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। এর মাধ্যমে দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে তারা। চরমোনাই পীর আসলে ভণ্ড, পীর নয়।”
তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও অভিযোগ তুলে বলেন, “পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ১৯৮৬ ও ১৯৯৬ সালে শুধু বিএনপিরই নয়, পুরো জাতির বিরুদ্ধেই অসহযোগিতা করেছে। হাসিনাকে টিকিয়ে রাখতে তারা জাতীয় বেইমান হিসেবে আত্মপ্রকাশ করেছে।”
বর্তমান রাজনীতি প্রসঙ্গে এ্যানি বলেন, “আজকে তারা আন্দোলনের নামে হুমকি দেয়, মিছিল-সমাবেশ করে। অথচ ১৭ বছর আমরা যখন আন্দোলন করেছি, তখন এদের পাশে পাইনি। এখন নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতে এসব ইসলামী দল মাঠে নেমেছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “এই পরিস্থিতি থেকে বের হতে হলে ঐক্যই শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই তারেক রহমানের নেতৃত্বে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।”
সম্মেলনে সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবি উল্যাহ। স্বাগত বক্তব্য দেন খালেদা জিয়ার আরেক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান
- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ
- জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু
- যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান
- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।
এসসি//



