আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে জাতীয় কনভেনশন পার্টি (এনসিপি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “আমরা সার্ভে করে জেনেছি, আগামী নির্বাচনে এনসিপি কমপক্ষে ১৫০ আসনে জয় পাবে। তবে আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব এবং জয়ের জন্য লড়ব।”
বিএনপির আসন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না। বাস্তবচিত্রে দেখা যাচ্ছে, তারা তলানিতে যাচ্ছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি নিবন্ধন পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তিনি নিশ্চিত করেন, শাপলা প্রতীকেই এনসিপি নির্বাচনে অংশ নেবে। প্রয়োজনে রঙ বা কিছু পরিবর্তন হতে পারে, তবে প্রতীক থাকবে শাপলাই।’
তিন ব্লকে বিভক্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি
এনসিপি নেতা জানান, সামনে রাজনৈতিক পরিস্থিতি তিনটি ব্লকে বিভক্ত হবে—
- একটি ইসলামিক ব্লক ইতিমধ্যেই তৈরি হয়েছে,
- একটি বিএনপির নেতৃত্বে গঠিত হচ্ছে,
- আরেকটি এনসিপির নেতৃত্বে হবে।
তিনি স্পষ্ট করে বলেন, এনসিপি বিএনপি-জামায়াত ব্লকে যাবে না।
ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয়
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রশ্নে তিনি বলেন, “এখনও সংশয় আছে। সরকার চেষ্টা করছে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য, কিন্তু জুলাই সনদের আইনি দিক এখনও সমাধান হয়নি।”
গণঅধিকার পরিষদের সঙ্গে একত্রিত হওয়ার বিষয়ে তিনি জানান, “দলের নাম এনসিপিই থাকবে এবং প্রতীকও থাকবে শাপলাই। আরও কয়েকটি দল এনসিপির ব্যানারে আসতে আগ্রহ প্রকাশ করেছে।”
তিনি আরও বলেন, “আমরা উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) চাই, তবে নিম্নকক্ষে চাই না।”
এসসি//



