কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজধানীতে ফের বড় আকারের মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর বাংলামোটর মোড় থেকে শুরু হওয়া এ মিছিল শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব ও অংশগ্রহণ
জানা গেছে, মিছিলটির পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, “আজ বাংলামোটর এলাকায় ঐতিহাসিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাহাউদ্দিন নাছিম ভাইয়ের দিকনির্দেশনায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা রাজপথে গর্জে উঠেছে।”
মিছিলে অন্তত হাজার খানেক মানুষ অংশ নেন। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও দেখা গেছে এতে। অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা’, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’—এমন স্লোগান দিতে দিতে এগিয়ে যান।’
পুলিশের ভূমিকা
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা
বাংলামোটরের এক দোকানী বলেন, “জুমার নামাজের পর হঠাৎ অসংখ্য মানুষ জড়ো হয়। কিছু বোঝার আগেই তারা স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। অন্তত হাজারখানেক মানুষ ছিল।”
ছাত্রলীগ নেতার দাবি
এক ছাত্রলীগ নেতা জানান, “এখন সাধারণ মানুষও আমাদের সঙ্গে নেমেছে। সরকারের অধীনে মানুষ ভালো নেই। নাভিশ্বাস উঠেছে। তাই প্রতিদিন মিছিল বড় হচ্ছে।”
এর আগে আরও কয়েকটি মিছিল
- ৭ সেপ্টেম্বর সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল হয়।
- ৬ সেপ্টেম্বর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মীর মিছিল হয়।
- ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোড থেকে শংকর পর্যন্ত মিছিল করে তারা।
- এরও আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং প্রভাবশালী সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়। জোটের কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে দলটির মিছিল ও কার্যক্রম পুরোপুরি থামানো সম্ভব হয়নি।’
এসসি//



