ডাকসু নির্বাচনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের আঁতাতের মাধ্যমে শিবির জয় পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, দেশে ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান স্মরণে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে বলা যায়, কিন্তু আমার হিসেবে বিষয়টা মিলছে না। জামায়াত ইসলামীর এত ভোট এলো কোথা থেকে? তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াতকে দেওয়া হয়েছে। এটা স্পষ্ট ষড়যন্ত্র।”
তিনি আরও বলেন, “দেশে ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি একমাত্র দল, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য লড়াই করছে। অথচ আওয়ামী লীগ কখনো জামায়াতের সঙ্গে, কখনো বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে। সব দায় বিএনপির ওপর চাপানো হচ্ছে।”
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য তারেক রহমানের বক্তব্যের কথা তুলে ধরে বলেন, “বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলদারের জায়গা হবে না। এখনও যদি কেউ সংশোধন না হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আবদুল্লাহ আল নোমানকে স্মরণ করে মির্জা আব্বাস বলেন, “নোমান ভাইয়ের প্রতি দলের পক্ষ থেকে অবিচার করা হয়েছিল। দলের প্রতি তার অবদান যথাযথভাবে মূল্যায়িত হয়নি। এ ভুলের জন্য আমরা অনুতপ্ত।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসসি//



