রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।'
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।”
বিবৃতিতে বিএনপি জানায়, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশায় থাকা জনগণের মনে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক।”
বিএনপি আরও উল্লেখ করে, মতপার্থক্য থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া এক ধরনের স্বৈরাচারী মানসিকতা। রাজনৈতিক দলের ওপর হামলা ও ভাঙচুর গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং গভীর উদ্বেগজনক।
বিবৃতিতে বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অপরিহার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কর্মকাণ্ড বা টিকে থাকা জনগণের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে। কিন্তু হুমকি, হামলা ও হিংসাত্মক আচরণের মাধ্যমে ভয়-ভীতি সৃষ্টি করে রাজনৈতিক দলকে দমিয়ে রাখা বহুদলীয় গণতন্ত্রের মূলনীতির পরিপন্থী।
উল্লেখ্য, শুক্রবার রাতে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসসি//



