গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর চালানো বর্বরোচিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এমন ভয়াবহ ঘটনা আওয়ামী লীগ সরকারের সময়ও ঘটেনি, অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘটেছে। এর পূর্ণ দায় এই সরকারকেই নিতে হবে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সরকারের দায় এড়ানোর সুযোগ নেই
আসিফ মাহমুদ বলেন, “এই হামলা কোনো সাধারণ কর্মীর ওপর নয়, বরং একটি দলের সভাপতির ওপর হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেও এ ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘটেছে বলে সরকার দায় এড়াতে পারে না। হামলাকারী যেই হোক না কেন, এর দায় বর্তায় সরকারের ওপরই। সরকারকেই এর সমাধান করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক নেতার ওপর এভাবে হামলার সাহস কেউ না পায়।”
সেনাবাহিনী ও মব প্রসঙ্গ
সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, “সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করার কথা ভাবছে। কোনটা রাজনৈতিক কর্মসূচি আর কোনটা মব—এটি আগে স্পষ্টভাবে বুঝতে হবে। আমার জানা মতে, প্রথম হামলা জাতীয় পার্টির পক্ষ থেকেই এসেছে। রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি থাকতেই পারে, কিন্তু মব বলে একপক্ষকে দমন করে আরেকপক্ষকে সুবিধা দেওয়া হলে তা প্রমাণ করে যে জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে।”
নূরের শারীরিক অবস্থা ও চিকিৎসা
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “নুরু ভাই জুলাই আন্দোলনের একজন জাতীয় স্বীকৃত নেতা। তার ওপর এ ধরনের নেক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি তাকে দেখে এসেছি, তার নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হবে।”
সরকারের প্রতি আহ্বান
তিনি জোর দিয়ে বলেন, এই হামলার বিচার সরকারের দ্বারাই নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে কোনো গণতান্ত্রিক নেতাকে এভাবে দমন করার চেষ্টা দেশের জন্য অশুভ বার্তা বহন করে।
এসএএ//



