গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলা এবং রাজধানীর কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২:৪৫ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
তারেক রহমান বলেন,
"বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায়। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ে আছি। যার প্রথম ধাপ জাতীয় নির্বাচন। এমন অস্থিতিশীল ঘটনা যেন আর না ঘটে, তা আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে।"
তিনি আরও বলেন,
"গণতন্ত্রপন্থী সকল অংশীজন, যার মধ্যে বিএনপি ও এর রাজনৈতিক মিত্ররাও রয়েছে, তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের চেতনা জয়ী হবে বলেই আমি বিশ্বাস করি।"
তারেক রহমান এ সময় মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর সতর্কতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন,
"বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের মব ভায়োলেন্সের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শান্তিপূর্ণ ও স্থিতিশীল একটি রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করেই আমরা ন্যায়বিচার, সাম্য ও মর্যাদার ভিত্তিতে একটি সফল রাষ্ট্র গড়তে পারি।"
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার ওপর সংঘটিত বর্বর হামলার যথাযথ ও নিরপেক্ষ আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।’
এসসি//



