চীন সফরে গেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আট সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় ঢাকা ত্যাগ করেন তারা। চার দিনব্যাপী এই সফর শেষে আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে সফরে রয়েছেন—সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
সফরকালীন সময়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
এর আগে গত ২১ আগস্ট ঢাকায় চীনা দূতাবাসে এনসিপি প্রতিনিধি দলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছর এর আগে জুন মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীন সফরে যায়। এরপর জুলাই মাসে জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দলও বেইজিং সফর করে। এবার একই আমন্ত্রণে চীন সফরে গেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধি দল।
এসসি//



