জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে “নতুন বাংলাদেশের ইশতেহার” ঘোষণা করবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়—
“আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।”
এর আগে এক সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন—
“আমরা শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করব, যেখানে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে। নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে। যেখানে বৈষম্য, ফ্যাসিবাদ, অন্যায় ও চাঁদাবাজ থাকবে না।”
নতুন বাংলাদেশের ইশতেহার হিসেবে এটি জাতীয় পুনর্গঠনের একটি রূপরেখা হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত “জুলাই ঘোষণাপত্র”-এর খসড়া জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে মতামতের জন্য।
দলটির সদস্যসচিব আখতার হোসেন জানিয়েছেন, এনসিপি ইতিমধ্যে ঘোষণাপত্রে মতামত প্রদান করেছে।
২৬ দফার জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে—
“বাংলাদেশের জনগণ যুক্তিসংগত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যাশা ব্যক্ত করছে।”
এতে আরও বলা হয়—
“২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তপশিলে এর ঘোষণাপত্র সংযুক্ত থাকবে।”
ঘোষণাপত্রটি ২০২৫ সালের ৫ আগস্ট থেকে কার্যকর ধরা হবে বলেও জানানো হয়েছে।
সৈয়দ আসিফ আলী //এসসি//



