রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার দুই স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রথমে বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে একটি এবং পরে বিমানবন্দর ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে রাস্তায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং বিস্ফোরণের নমুনা সংগ্রহ করে।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম বলেন, “বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। সেখানে নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “আমরা ধারণা করছি, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। কারা কী উদ্দেশ্যে এটি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এসসি//



