রাজধানীর মোহাম্মদপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি রোধে এলাকার প্রবীণ নাগরিক ও পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলানগর অঞ্চলের সিনিয়র সিটিজেন ও পেশাজীবী সমাজের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারি, বেসরকারি ও অবসরপ্রাপ্ত প্রায় শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
তিনি বলেন, “এলাকাবাসী যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি ইনশাল্লাহ মোহাম্মদপুরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব।”
তিনি আরও বলেন, ‘এলাকাবাসী ও তরুণ প্রজন্মের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষায় টিমওয়ার্ক গড়ে তুললে এই এলাকা আবারও তার ঐতিহ্য ফিরে পাবে।’
সভায় অংশগ্রহণকারীরা এলাকার চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং সামাজিক অনিয়ম বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
আলোচনায় অংশ নেন—
- অবসরপ্রাপ্ত প্রফেসর শিব্বির আহম্মেদ
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালাউদ্দিন আহম্মেদ
- প্রফেসর ড. রফিকা আফরোজ
- সমাজসেবিকা ও নারীনেত্রী শাহনাজ পারভীন লিপি
- মোহাম্মদপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহিদুন নাহার
- আলফা ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান
বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে মোহাম্মদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখা সম্ভব।”
এসসি//



