আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন বিদেশি রাষ্ট্রদূতের বৈঠককে ‘একজন ব্যক্তির বাসায় বৈঠক’ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাষ্ট্রদূতরা একজন ব্যক্তির বাসায় গেছেন। তিনি যদি অপরাধী হতেন, তাহলে নিশ্চয়ই হেফাজতে রাখা হতো। কিন্তু এমন কিছু হয়নি। রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন। সেখানে তারা কী নিয়ে আলোচনা করেছেন, সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে এতে সরকারের বলার কিছু নেই।”
সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জাপানের রাষ্ট্রদূতদের ওই বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টিকে কূটনৈতিক আচরণের অংশ হিসেবেই দেখছেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “এই নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিলিস্তিন থাকবে না।”
ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক মন্তব্য—‘বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে, ভারত তাদের সঙ্গেই কাজ করবে’—বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “আমি এটিকে ভারতের বিষয় হিসেবে দেখি না। এটি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।”
তিনি আরও বলেন, বাংলাদেশ তার সার্বভৌম সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে, এতে অন্য কোনো দেশের মন্তব্যের প্রভাব পড়বে না।
এর আগে সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি হয়। তবে সরকার বিষয়টিকে কূটনৈতিক সৌজন্য বৈঠক হিসেবে বিবেচনা করছে।”
এসসি//



