নির্বাচন কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সম্মেলনে সারা দেশ থেকে প্রায় সাড়ে আটশ’ উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন।’
সিইসি বলেন,
“আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। অনেক চ্যালেঞ্জ চোখে দেখা যায়, আবার অনেক চ্যালেঞ্জ অদেখাও থেকে যায়।”
তিনি আরও জানান, সরকারের পূর্ণ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের ওপর। এসময় তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার শপথ করান। উপস্থিত কর্মকর্তারা হাত তুলে শপথ নেন যে তারা কোনো দল বা ব্যক্তির পক্ষে কাজ করবেন না।’
সিইসি নাসির উদ্দিন আরও বলেন,
“আপনারা কারও পক্ষে কাজ করবেন না, কোনো দলের পক্ষেও কাজ করবেন না। আমরা শপথ রক্ষা করব—আপনাদের ভূমিকার ওপরই নির্ভর করছে। বিশেষ পরিস্থিতির এ নির্বাচনে বিশেষ ব্যবস্থাপনায় কাজ করতে হবে।”
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন,
“আমরা সময়ের ক্রসরোডে দাঁড়িয়ে আছি। নির্বাচনী ব্যবস্থার ভেঙে পড়া এবং ‘পচা নির্বাচনই’ জুলাই অভ্যুত্থানের মূলে রয়েছে। চোখ বন্ধ করে দেখুন—জুলাই আন্দোলন কেন হলো, তার প্রধান কারণ হলো পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন।”
তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন,
“আমরা আর কখনো পচা নির্বাচন করব না। পক্ষপাতমূলক দুষ্ট নির্বাচনের জন্য ইসি আপনাদের চাপ দেবে না, ইনিয়ে-বিনিয়ে কথা বলবে না। নির্বাচনে যদি কেউ অনিয়ম করে তাহলে তার দায়ভার তাকেই নিতে হবে, নির্বাচন কমিশন কোনো দায় নেবে না।”
এসসি//



