নির্বাচন কমিশন (ইসি) কোনো রাজনৈতিক দলের প্রতীক দেওয়ার বা না দেওয়ার বিষয়ে কারও কাছে ব্যাখ্যা দিতে বাধ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “ইসি কারও কথায় চলে না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে।”
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “একটি দলকে শাপলা প্রতীক দেওয়া হবে না কেন, তার ব্যাখ্যা দেবে না ইসি। এটা কমিশনের সিদ্ধান্ত। নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল, তাদেরও দেওয়া হয়নি। তাহলে এনসিপি নিয়ে এত আলোচনা কেন? কোনো দল কিংবা জনগণ চিঠি দিতে পারে, তবে এতে কোনো সমস্যা নেই।”
শাপলা প্রতীক নিয়ে বিতর্কে সিইসির বক্তব্য
এনসিপির দাবিকে ঘিরে চলমান বিতর্ক প্রসঙ্গে সিইসি নাসির উদ্দিন আরও বলেন, “ইসি নিরপেক্ষভাবে কাজ করতে চায়। গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করে তদন্ত করা হবে না। নিবন্ধন ও প্রতীক বিষয়ে কমিশন তার নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেবে।”
নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি
সিইসি বলেন, “সব দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে—এই আশা রাখি। বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই যে, রাজনীতিবিদরা নিয়ম ভাঙার মানসিকতা নিয়ে মাঠে নেমেছেন। কমিশন সর্বশক্তি দিয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করবে।”
তিনি জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে ইসি কোনো ধরনের অস্বচ্ছতা রাখতে চায় না। তাই যেসব দলের বিরুদ্ধে নতুন করে আপত্তি এসেছে, সেসব বিষয়ে আবারও যাচাই-বাছাই করা হচ্ছে।’
সিইসি আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রবাসী ভোটারদের ভোট গ্রহণে সফল হবে ইসি। রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা একটি ঐতিহাসিক, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে চাই।”
এসসি//



