ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগের প্রিয়া নামের এক নারী।ছয় শিশুর মধ্যে বিকালে একজন এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে তিনি তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দেন।
শিশুগুলোর ওজন অত্যন্ত কম হওয়ায় তিনজনকে ঢামেকের এনআইসিইউতে এবং বাকি তিনজনকে রাজধানীর কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ছয় নবজাতকই জীবিত রয়েছে এবং চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের ইউনিট-১ এর অ্যাসোসিয়েট প্রফেসর ডা. আবিদা সুলতানা বলেন, প্রিয়া ২৭ সপ্তাহে ছয় সন্তানের জন্ম দেন। সাধারণভাবে ২৮ সপ্তাহকে ‘ভায়াবল এইজ’ ধরা হয়। তাই শিশুদের অবস্থা ঝুঁকিপূর্ণ হলেও ভাগ্যে থাকলে তারা বেঁচে যেতে পারে। তিন নবজাতকের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং বাকিদের ওজন ৮০০ গ্রাম।
তিনি আরও জানান, রোগী ফার্টিলিটি চিকিৎসায় ব্যবহৃত ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ সেবন করেছিলেন, যার ফলে একসঙ্গে একাধিক সন্তান ধারণ হয়েছে। জরায়ুর সীমিত ধারণক্ষমতার কারণে নির্ধারিত সময়ের আগেই ডেলিভারি হয়েছে। তবে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।’
প্রিয়ার খালু বাবুল জানান, তারা নোয়াখালী থেকে এসেছেন। প্রিয়া তার শ্যালক হানিফের স্ত্রী, যিনি কাতার প্রবাসী। তিনি বলেন, “আমাদের পরিবারে এ এক অনন্য ঘটনা। চিকিৎসকরা সর্বোচ্চ সহযোগিতা করছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
চিকিৎসকদের ভাষ্যমতে, স্বাভাবিকভাবে একসঙ্গে ছয় সন্তান জন্ম দেওয়া অত্যন্ত বিরল ঘটনা। বাংলাদেশে এরকম ঘটনা হাতে গোনা কয়েকটি মাত্র হয়েছে। বর্তমানে প্রিয়ার ছয় নবজাতকের অবস্থা পর্যবেক্ষণে রয়েছে।’
এসসি//



