ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর গুলশান-২ এ রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এ বৈঠক শুরু হয়। নির্ভরযোগ্য সূত্র সময়ের চাকাকে এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান উপস্থিত ছিলেন। অপরদিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ কয়েকজন কমিশন সদস্য অংশ নেন। আলোচনায় রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং জাতীয় ঐক্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
এর এক দিন আগে, সোমবার (১১ আগস্ট), একই স্থানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গেও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক হয়। নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি প্রতিনিধিদল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ কালবেলাকে জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে যুক্তরাষ্ট্র দূতাবাস বিএনপি এবং জামায়াতের সঙ্গেও বৈঠক করেছে। সব দলের কাছ থেকেই তারা রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মতামত নিচ্ছেন।
বিশ্লেষকদের মতে, এই ধরনের বৈঠকগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক আগ্রহের প্রতিফলন, যেখানে রাজনৈতিক অন্তর্ভুক্তি ও সংস্কার প্রক্রিয়া আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রয়েছে।
এসসি//



