বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া। বুধবার (৬ আগস্ট) সেনা সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সামরিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “উভয় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এই সাক্ষাৎ উভয় দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। এ ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক সাক্ষাৎ সেই সম্ভাবনারই প্রতিফলন।
সৈয়দ আসিফ আলী //এসসি//



