আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দের লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, “এই লটারি অনুষ্ঠিত হবে তফসিল ঘোষণার আগেই, যাতে বদলির নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের হাতে যাওয়ার আগেই স্বচ্ছভাবে প্রক্রিয়া সম্পন্ন করা যায়।”
বৈঠকে নির্বাচনী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি ও লজিস্টিক সাপোর্ট বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। জাহাঙ্গীর আলম জানান, ডিসি, এসপি, ইউএনও এবং ওসি—সবাই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ অতীতে দেখা গেছে, প্রার্থীরা তাদের এলাকায় পছন্দের প্রশাসনিক কর্মকর্তাকে রাখতে চায়। তাই এই অনিয়ম বন্ধে এবার স্বচ্ছ লটারির মাধ্যমেই বদলি করা হবে এসপি ও ওসি’দের।
তিনি বলেন, “এই লটারি গণমাধ্যমের উপস্থিতিতে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে জনগণের আস্থা বাড়ে।” ওসিদের লটারি বিভাগভিত্তিক (division-wise) হবে, তবে ডিসিদের বদলি বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা সিদ্ধান্ত নেবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ীই কাজ করছি।”
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন (ইসি) চাইলে তফসিলের পরও বদলিতে পরিবর্তন আনতে পারবে, তবে মূলত এই লটারির মাধ্যমেই নিরপেক্ষতা নিশ্চিত হবে।
সৈয়দ আসিফ আলী//এসসি//



