উত্তরার মাইলস্টোন স্কুল সংলগ্ন বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহাতাব (১২)।”
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।”
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাহাতাবের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।”
মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। বাবা-মায়ের একমাত্র সন্তান সে। তার বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বাসিন্দা।
শিশু মাহাতাবের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাবার স্বপ্ন ছিল ছেলেকে ভালো শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ বানাবেন। সেই স্বপ্ন এক মুহূর্তে আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে গেছে।”
এ নিয়ে মাইলস্টোন ট্রাজেডিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ জনে। এর মধ্যে অধিকাংশই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী।”
এসসি//



