উত্তরার মাইলস্টোন স্কুলের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও দগ্ধদের উন্নত চিকিৎসা সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে তিন সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বুধবার (২৩ জুলাই) রাতে ঢাকায় পৌঁছেছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১০টা ৪০ মিনিটে চিকিৎসক দলটি পৌঁছান।
তারা হলেন:
- ডা. বিজয়া রাও (Ms.Dr. Vijaya Rao)
- মিস পুন লাই কুয়ান (Ms. Poon Lai Kuan)
- মি. লিম ইউ হান জোভান (Mr. Lim Yu Han Jovan)
চিকিৎসক দলকে স্বাগত জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি দগ্ধদের পর্যবেক্ষণ ও চিকিৎসা সহায়তা করবেন।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) রাতেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে তাকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে মাইলস্টোন স্কুলের পাশে বিমান বাহিনীর প্রশিক্ষণযান বিধ্বস্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা দগ্ধ হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা অনিবার্য হয়ে পড়ে।
এসসি//



