রাজধানীর বসিলা হাই স্কুল প্রাঙ্গণে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের উদ্যোগে দিনব্যাপী এই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের এক কর্মকর্তা জানান, বসিলা এলাকায় অসহায় ও দরিদ্র জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সেনাবাহিনী এই উদ্যোগ গ্রহণ করে। এ সময় সেনাবাহিনীর মেডিসিন, সার্জিক্যাল, চর্ম ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম প্রায় ৯ শতাধিক রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। রোগীদের মধ্যে বেশিরভাগই ছিলেন নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।

তিনি আরও বলেন, “অসহায় মানুষের সেবায় তাদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় প্রস্তুত। শুধু জননিরাপত্তা নয়, কল্যাণমূলক কার্যক্রমেও সেনাবাহিনীর সম্পৃক্ততা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এসসি//



