জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলামসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চার শতাধিক রাজনৈতিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। নতুনভাবে জারি হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অধ্যাদেশে তাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের লেজিসেলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়।
২০২২ সালে পাস হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে বঙ্গবন্ধুসহ প্রবাসী সরকারের এমএনএ (সদস্য, জাতীয় পরিষদ) ও এমপিএ (সদস্য, প্রাদেশিক পরিষদ) এবং আরও চার শ্রেণির মানুষকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
কিন্তু নতুন অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে তারা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে বিবেচিত হবেন। ফলে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুবিধা বাতিল হয়ে গেল।
নতুন জামুকা অধ্যাদেশে যাদের ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে, তারা হলেন:
- ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী এমএনএ ও এমপিএ
- মুজিবনগর সরকারের অধীনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা, কর্মচারী ও দূত
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী
- দেশ-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা সাংবাদিক
- স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা
- বিদেশে জনমত গঠন ও মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করা পেশাজীবীরা
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন অধ্যাদেশে ‘বীর মুক্তিযোদ্ধা’ এবং ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ — দুটি আলাদা পরিচয় স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। একাধিক পর্যালোচনার পর রাষ্ট্রপতির অনুমোদনে এটি কার্যকর করা হয়েছে।
জানা গেছে, রাজনৈতিক সিদ্ধান্ত ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে অধ্যাদেশটি সংশোধন করে বর্তমান রূপ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ ও রাজনীতিবিদদের বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যারা মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, তাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি কেন প্রত্যাহার করা হলো।
নতুন জামুকা অধ্যাদেশ অনুযায়ী, মুক্তিযোদ্ধার পরিচয়ে এসেছে বড় ধরনের পরিবর্তন। এর ফলে মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বহু ব্যক্তিত্ব ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নতুনভাবে স্বীকৃতি পাচ্ছেন, তবে হারাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাদের পুরনো মর্যাদা।
এসসি//



