রাজধানীর রামপুরার মালিবাগ ডিআইটি রোডের একটি আবাসিক হোটেল থেকে আলমগীর খান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আলমগীর খান শরীয়তপুর জেলার পালং থানার চব্বিশরশি গ্রামের বাসিন্দা এবং আঃ মজিদ খানের ছেলে।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর জানান, “সকালে খবর পেয়ে মালিবাগ ডিআইটি রোডের আবাসিক হোটেল ‘আরা ইসলাম’-এর পঞ্চম তলার ৪১০ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, হোটেল কর্তৃপক্ষের বরাত অনুযায়ী, আলমগীর খান গত ৩ আগস্ট থেকে ঐ কক্ষে অবস্থান করছিলেন। গতকাল রাতে তিনি হোটেলের ম্যানেজারকে ফোন করে গ্যাস্ট্রিকের একটি ট্যাবলেট চান। ম্যানেজার তাকে ওষুধ দিয়ে নিচে চলে যান। এরপর সকালে অনেক সময় পার হয়ে গেলেও তিনি ঘরের বাইরে বের হননি বা সাড়া দেননি।
পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ এসে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এসআই জুবাইর।
হোটেল কক্ষে কোনো ধরণের জখম বা অস্বাভাবিক চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান সংশ্লিষ্টরা। তবে প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও, প্রকৃত কারণ জানা যাবে ময়নাতদন্তের পর।
এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আরও তদন্ত করছে। হোটেল সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড সংগ্রহ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সৈয়দ আসিফ আলী //এসসি//



