গাজায় ইসরায়েলের ধারাবাহিক হামলা ও গণহত্যার অভিযোগে সব ধরনের বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে তুরস্ক। একই সঙ্গে ইসরায়েলের জাহাজ ও বিমানকে তুরস্কের বন্দর এবং আকাশসীমায় নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সংসদে গাজা বিষয়ক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন,
“ইসরায়েল টানা দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে। এ কারণেই আঙ্কারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও আকাশ-সমুদ্রপথে যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করেছে।”
গত বছরের সিদ্ধান্ত ও বাণিজ্যিক সম্পর্ক
গত বছর মে মাসেই আঙ্কারা সরাসরি বাণিজ্য স্থগিত করে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছিল।
২০২৩ সালে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি ডলার, যা এখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল।
এরদোয়ানের কঠোর অবস্থান
প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান এর আগেই ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন।’
জাতীয় নিরাপত্তা উদ্বেগ
আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী, তুরস্ক শুধু গাজার মানবিক সংকট নয়, ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলের বারবার হামলাকে আঙ্কারা ইচ্ছাকৃতভাবে অঞ্চলের পুনর্গঠন বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে মনে করছে।
সম্ভাব্য সংঘাতের আশঙ্কা
তুরস্ক মনে করছে, ইসরায়েলের আগ্রাসন থামানো না হলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি দেখা দিতে পারে।
এসসি//



