পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর রহমান।
শুক্রবার (২২ আগস্ট) পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বৈঠকে দুই সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর জোর দেন।”
জেনারেল সাহির শামশাদ মির্জা বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। তিনি শিল্পখাতসহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণের কথা উল্লেখ করেন।
অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর রহমান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানি সেনাদের আত্মত্যাগের কথাও স্মরণ করেন।
এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: পাকিস্তান অবজারভার
এসসি//



