ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংক্ষিপ্ত সফরে এসে বাংলাদেশি পর্যটকদের জন্য দিলেন নতুন সুখবর। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে তিন ঘণ্টার জন্য কলকাতায় এসে তিনি একসাথে তিনটি মেট্রো রুট উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এখন থেকে বাংলাদেশি ভ্রমণকারীদের কলকাতা বিমানবন্দরে নেমে আর ট্যাক্সি চালকদের হয়রানির শিকার হতে হবে না।
মোদি জানান, মাত্র ৪০ টাকা খরচে বাংলাদেশি পর্যটকেরা মেট্রোরেলে পৌঁছে যেতে পারবেন নিউমার্কেট, স্প্ল্যানেড কিংবা হাওড়া বা শিয়ালদহ স্টেশনে। ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে—ন্যূনতম ৫ টাকা, সর্বোচ্চ ৭০ টাকা। যেমন, বিমানবন্দর থেকে যশোর রোড যেতে লাগবে মাত্র ৫ টাকা, স্প্ল্যানেড ৪০ টাকা, হাওড়া ৫০ টাকা এবং সেক্টর ফাইভের জন্য ৭০ টাকা।’
বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য এই মেট্রো রুট চালু হওয়ায় কলকাতায় যাতায়াত সহজ ও নিরাপদ হবে বলে মনে করছেন পর্যটকরা। দীর্ঘদিন ধরে বাংলাদেশিরা অভিযোগ করে আসছিলেন ট্যাক্সি চালকদের অতিরিক্ত ভাড়া ও হয়রানির বিষয়ে। মোদির এই ঘোষণা সেই সমস্যা অনেকটাই দূর করবে বলে আশা করা হচ্ছে।
সফরে মোদি শুধু পর্যটন নয়, রাজনীতিতেও কড়া বার্তা দেন। অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, “অনুপ্রবেশকারীরা আমাদের যুবাদের চাকরি কেড়ে নিচ্ছে, নারী নির্যাতন করছে, পরিকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে—তাদের দেশে থাকতে দেওয়া হবে না।”
দমদম সেন্ট্রাল জেলে আয়োজিত জনসভায় তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের কিছু দল ভোটব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। এতে সীমান্তবর্তী অঞ্চলের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, কৃষকদের জমি দখল হচ্ছে। এজন্য তৃণমূলকে বিদায় জানানো জরুরি বলে মন্তব্য করেন তিনি।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মোদির এই সফরের রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট বলে মনে করছে বিশ্লেষকরা।
👉 নতুন মেট্রো রুট চালু হওয়ায় বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য কলকাতা সফর হবে আগের চেয়ে অনেক সাশ্রয়ী, আর মোদির কঠোর বার্তা পশ্চিমবঙ্গ রাজনীতিতে তৈরি করেছে নতুন আলোচনার ঝড়।”
এসসি//



