পুতিন যুদ্ধ না থামালে রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আসবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৫ আগস্ট) শীর্ষ সম্মেলনে যোগ দিতে আলাস্কার অ্যাঙ্কোরেজ যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানান, ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকলে রাশিয়াকে শাস্তিমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
ট্রাম্প বলেন, “আমি আমার ব্যক্তিগত স্বার্থে কিছু করছি না। আমি চাই আমাদের দেশ নিজের উন্নয়নে মনোযোগ দিক। কিন্তু যুদ্ধ থামাতে এবং অসংখ্য প্রাণ বাঁচাতে আমি চেষ্টা করছি।”
মার্কিন প্রেসিডেন্ট জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সঙ্গে বাণিজ্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে ট্রাম্পের শর্ত—ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা শুরু হলেই কেবল বাণিজ্য আলোচনা সম্ভব।
তিনি আরও বলেন, “আমি লক্ষ্য করেছি, পুতিন রাশিয়া থেকে অনেক ব্যবসায়ীকে সামনে নিয়ে আসছেন, যা ইতিবাচক। আমি চাই তারা ব্যবসা করুক। কিন্তু যুদ্ধের সমাধান না হওয়া পর্যন্ত আমরা কোনো বাণিজ্যিক কার্যক্রমে এগোব না।”
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই কড়া সতর্কবার্তা রাশিয়ার ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়িয়ে তুলতে পারে। ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য পশ্চিমা বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবেই এই ঘোষণা এসেছে।”
এসসি//



