বর্তমানে ইউটিউব বিনোদনের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। অনেকেই শখের বসে কিংবা পেশাগতভাবে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও তৈরি করছেন। কিন্তু অনেক সময় ভালো কনটেন্ট থাকা সত্ত্বেও পর্যাপ্ত ভিউ বা দর্শক পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে ইউটিউব নিয়ে এসেছে একটি যুগান্তকারী ফিচার— “Content Collaboration“
বিশ্বখ্যাত প্রযুক্তি সংবাদমাধ্যম ম্যাশেবল জানায়, ইউটিউব নতুন এই ফিচারের মাধ্যমে এক ভিডিওতে একাধিক ইউটিউবারকে ট্যাগ করার সুযোগ দিচ্ছে। এতে মূল ইউটিউবারের পাশাপাশি ট্যাগ করা ইউটিউবারদের চ্যানেলও দর্শকদের সামনে সরাসরি প্রদর্শিত হবে। দর্শকরা চাইলে তাদের চ্যানেলেও যেতে পারবেন এবং সরাসরি সাবস্ক্রাইব করতে পারবেন।
তবে ইউটিউবারদের ট্যাগ করার আগে অবশ্যই তাদের অনুমতি নিতে হবে। এজন্য প্রথমে ট্যাগের অনুরোধ পাঠাতে হবে, এবং অপর ইউটিউবার সম্মতি দিলে তবেই তাকে ভিডিওতে ট্যাগ করা যাবে। এতে করে উভয়পক্ষের সম্মতি ও সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।
ইতোমধ্যে ইউটিউবের জনপ্রিয় ক্রিয়েটর MrBeast এই ফিচার ব্যবহার করে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটিতে তিনি Mark Rober, Ben Azelart এবং Stokes Twins-কে ট্যাগ করেছেন। ইউটিউব জানায়, এই ভিডিওতে দর্শকরা মূল ইউটিউবারের নামের উপর ক্লিক করলে ট্যাগ করা ইউটিউবারদের নাম ও সাবস্ক্রাইব অপশন দেখতে পান।
বর্তমানে এই ফিচারটি কিছু নির্দিষ্ট ইউটিউবারের জন্য চালু করা হয়েছে। তবে ইউটিউব জানিয়েছে, শিগগিরই এটি সকল ইউটিউবারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এতে ইউটিউবাররা একসঙ্গে কনটেন্ট তৈরি করে পারস্পরিকভাবে লাভবান হতে পারবেন।
এই নতুন ফিচার ইউটিউব কমিউনিটিতে সহযোগিতার নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি এটি নতুন ইউটিউবারদের জন্যও চ্যানেল প্রসারে বড় সহায়ক হতে পারে।
সৈয়দ আসিফ আলী //এসসি//



