রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে গিয়ে মোঃ সাকিব (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রীপুর উপজেলার রাজবাড়ী গ্রামে। তিনি এবাদুল মিয়ার ছেলে। সাকিবের মামা ইজাদুল বলেন, “আমার ভাগ্নে ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতো। আজ ফকিরাপুলে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি, কিন্তু ডাক্তার জানায় সে আর বেঁচে নেই।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, “মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।”
এই ঘটনাটি আবারও নির্মাণ সাইটে নিরাপত্তার অভাব ও ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে।
এসসি//



