রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে মঞ্জিল পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে প্রাণ হারিয়েছেন আট মাসের অন্তঃসত্ত্বা নারী মেহেরুন্নেসা ভৃমি (২২)। এই ঘটনায় আহত হয়েছেন তার স্বামী মুসা কালিমুল্লাহ ও অপর একজন বাইক আরোহী রানা।
🕘 কীভাবে ঘটল দুর্ঘটনাটি?
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে। আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা মেহেরুন্নেসাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক দুপুর ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মুসা কালিমুল্লাহ জানান: “আমার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ তাকে ডাক্তার দেখাতে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ মঞ্জিল পরিবহনের একটি বাস পেছন থেকে আমাদের মোটরসাইকেলসহ আরেকটি বাইকে ধাক্কা দিলে আমরা ছিটকে পড়ি।”
তিনি আরো বলেন, “আমার স্ত্রী মাটিতে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে ঢামেকে নিয়ে যাই, কিন্তু তাকে বাঁচানো যায়নি। আমাদের একটি ছোট কন্যাসন্তান রয়েছে। এখন সবকিছু যেন থেমে গেল।”
দুর্ঘটনায় আহত হন মুসা কালিমুল্লাহ নিজেও, তবে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। রানা নামে অপর মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক, তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
- নিহত মেহেরুন্নেসার বাড়ি: চাঁদপুর জেলার কচুয়া থানার ঘাগড়া গ্রামে
- রানার বাড়ি: মাদারীপুর জেলার শিবচর থানার বাইরের কান্দি গ্রামে
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। ঘাতক বাস ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
এসসি//



