রাজধানীর খিলক্ষেতে ভোরবেলা সড়ক পরিচ্ছন্ন করার সময় কাভার্ডভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায়ক ঘাতক চালক আবুল কাশেম ও কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) ভোরে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আশরাফ আলী ও নেহার খাতুন। তারা উভয়েই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। খিলক্ষেত এলাকাতেই তারা ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আলামিন জানান, “রোববার ভোর পৌনে পাঁচটার দিকে হোটেল লা মেরিডিয়ানের উল্টো পাশে রাস্তার মাঝে ঝাড়ু দিচ্ছিলেন তারা। ঠিক সেই সময় উত্তরা দিক থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।”
দুর্ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এসআই আলামিন আরও জানান,“ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয় বাসিন্দা ও সহকর্মীদের দাবি, সড়কে নিয়মিত সিটি কর্পোরেশনের কর্মীরা পরিচ্ছন্নতার কাজ করেন, অথচ কোনো ধরনের নিরাপত্তা বা সতর্কতা ব্যবস্থা থাকে না। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।”
এই দুর্ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে—সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে নিরাপত্তাব্যবস্থার অনুপস্থিতি ও যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে।”
এসসি//



