রাজধানীর খিলগাঁওয়ের তিলপা পাড়ায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তানিশা আক্তার লাইজু (২১) নামের এক অনার্স শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত তানিশা তেজগাঁও মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।”
ঘটনাটি ঘটে শনিবার (৬ জুলাই) গভীর রাতে। পরে রাত সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তানিশাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত তানিশা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহাপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। বিয়ের পর থেকে তিনি খিলগাঁওয়ের তিলপা পাড়া এলাকায় স্বামী ফয়সাল আহমেদের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। ফয়সাল আহমেদ একজন সরকারি চাকরিজীবী।”
তানিশার বাবা মুজিবুর রহমান বলেন,
“আমার মেয়েকে ফয়সাল আহমেদের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পরও সে তেজগাঁও মহিলা কলেজে অনার্সে পড়ালেখা করত। শনিবার রাতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমানে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে খিলগাঁও থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তখন আর বেঁচে ছিল না আমার মেয়ে।”
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান,
“খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে দেখি তানিশা গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবার সূত্রে জানতে পেরেছি, স্বামীর সঙ্গে পারিবারিক কলহ থেকেই ঘটনাটি ঘটেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনার পর খিলগাঁও থানা একটি অপমৃত্যু মামলা রেকর্ড করেছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।”
এসসি//



