টালিউডের সুপারস্টার দেব এখন রীতিমতো ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। সদ্য মুক্তি পাওয়া দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’ (১৪ আগস্ট মুক্তি) টালিউডে ইতিমধ্যেই হাউসফুল শো উপহার দিচ্ছে। দশ বছর পর ফের একসঙ্গে বড়পর্দায় দেখা মিলেছে এই জনপ্রিয় জুটির। ফলে প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নামছে।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দেবের একটি পুরোনো ভিডিও, যেখানে বলিউড তারকা ও ‘বেবিডল’ খ্যাত সানি লিওনের সঙ্গে রোম্যান্টিক ডান্সে মেতে উঠেছিলেন তিনি। ভিডিওতে দেখা যায়, সাদা কোট-প্যান্টে দেব আর ধূসর শিফন শাড়িতে সানি লিওন, দেবের জনপ্রিয় গান ‘কী করে তোকে বলব, তুই কে আমার’-এ একসঙ্গে নেচে উঠছেন। দর্শকসারিতে তখন উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও মানামী ঠাকুর, তারাও মুহূর্তটি উপভোগ করছিলেন।
তবে ভিডিওটি সাম্প্রতিক নয়, চার বছর আগের ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ২-এর ফাইনালের বিশেষ পর্বের ক্লিপ। সে সময় শোয়ের বিচারক ছিলেন দেব নিজেই। আর ফাইনাল রাউন্ডে বিশেষ অতিথি হিসেবে সানি লিওনের সঙ্গে নেচে ভক্তদের মুগ্ধ করেছিলেন তিনি। পুরোনো হলেও, সেই পারফরম্যান্স আবারও নতুন প্রজন্মের দর্শকের কাছে ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায়।

অন্যদিকে, ‘ধূমকেতু’-এর সাফল্যের মধ্যেই দেব প্রকাশ করেছেন তাঁর নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর টিজার। ছবিতে দেবের নতুন লুক ইতিমধ্যেই ভক্তদের কৌতূহল বাড়িয়েছে। জানা গেছে, প্রযোজনা সংস্থার পরিকল্পনা অনুযায়ী এই ছবি আসন্ন পুজোয় মুক্তি পাবে। ফলে দর্শকদের প্রত্যাশার তালিকায় ‘রঘু ডাকাত’ও জায়গা করে নিয়েছে।’
সব মিলিয়ে, বর্তমানে সিনেমা হলে দেব-শুভশ্রীর রোমান্টিক কেমিস্ট্রি, আর অনলাইনে দেব-সানি লিওনের ভাইরাল নাচ – দুই দিকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন দেব।”
এসসি//



