রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের নির্ধারিত আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।
তবে ভোট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে আলোচনায় উঠে এসেছেন স্বতন্ত্র প্যানেল সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেন। অভিযোগ উঠেছে, তাকে সমর্থন ও নির্বাচিত করতে নির্দেশনা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী পরিচালিত টেলিগ্রাম চ্যানেলগুলোতে।’
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা পরিচালিত ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’ এবং ‘ঠিকানা… দেশরত্ন শেখ হাসিনা’ নামের চ্যানেল থেকে বড় আকারের নির্দেশনা দেওয়ার স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।”

নির্দেশনায় বলা হয়, “আগামীকাল ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। সবাইকে নিম্নোক্ত প্রার্থীদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এই তালিকা সোশ্যাল মিডিয়ায় বা সন্দেহজনক কারো সঙ্গে শেয়ার করবেন না।”
প্রার্থীদের তালিকায় উল্লেখ করা হয়—
- ভিপি শামীম (ব্যালট নং ৪২)
- জিএস আরাফাত (ব্যালট নং ১)
- এজিএস মো. জাবির আহমেদ জুবেল (ব্যালট নং ১৮)
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মমিনুল ইসলাম বিধান (ব্যালট নং ১২)
- আন্তর্জাতিক সম্পাদক মো. শাকিব মাহামুদ (ব্যালট নং ০৯)
- ছাত্র পরিবহন সম্পাদক মো. রাজিন হোসেন (ব্যালট নং ০৮)
- মো. রাফিজ খান (ব্যালট নং ০৯)
এছাড়াও আরও কয়েকটি পদে নির্দিষ্ট প্রার্থীর নাম দেওয়া হয়েছে।’
ফাঁস হওয়া নির্দেশনাগুলোর মধ্যে ‘ঠিকানা… দেশরত্ন শেখ হাসিনা’ চ্যানেলের পোস্টটি করেছেন কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেকুজ্জামান খোকন। আর ‘শেখ হাসিনা রিজার্ভ ফোর্স’ চ্যানেলে পোস্টটি করেছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন কিরণ।’
এদিকে ভিপি প্রার্থী শামীমের ছাত্রলীগ সংশ্লিষ্টতার বিভিন্ন স্ক্রিনশটও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা ভোটের আগমুহূর্তে ব্যাপক আলোচনা তৈরি করেছে।’
এসসি//



