ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ইসলামী ছাত্রশিবির কর্তৃক স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের ছবি টাঙানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন,”টিএসসিতে শিবির আজ নিজামী, মুজাহিদ, গোলাম আযমদের ছবি টাঙিয়ে মহান মুক্তিযুদ্ধকে অপমান করেছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরো বলেন, “ছাত্রশিবির আসলে একাত্তরের ছাত্রসংঘ ও আল-বদর বাহিনীর উত্তরসূরী। অতীতে তারা একজন আলবদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী করেছিল। তাদের দলীয় প্রকাশনাতেও স্বাধীনতাবিরোধী মনোভাব প্রচার করা হয়।”
ছাত্রদল নেতা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর শিবিরকে প্রশ্রয় দিচ্ছেন।”টিএসসিতে শিবিরের এমন কার্যক্রম প্রশাসনের অনুমতি ও প্রশ্রয়ের ফল। এমন জঘন্য কর্মকাণ্ডে প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই।”
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংগঠনের কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতি নিতে হয়।”আজকের ঘটনা প্রমাণ করে, প্রক্টরের সম্মতি ও পৃষ্ঠপোষকতায়ই এই অপতৎপরতা সম্ভব হয়েছে। তাকে জবাবদিহি করতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মঙ্গলবার বিকেলে ইসলামী ছাত্রশিবির একটি ‘আলোচনা ও প্রদর্শনীমূলক’ কর্মসূচি আয়োজন করে। সেখানে দেখা যায়, স্বাধীনতাবিরোধী ও দণ্ডপ্রাপ্ত রাজাকারদের ছবি টাঙানো হয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এসসি //



