সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) অত্যাবশ্যকীয় ৩৩ ধরনের ওষুধের দাম প্রায় ৫০% পর্যন্ত কমিয়েছে। এতে সরকারের বছরে প্রায় ১১৬ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৩ আগস্ট) এক ব্রিফিংয়ে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা এ তথ্য জানান। তিনি বলেন, দাম কমানো ওষুধগুলোর মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ওরস্যালাইন, ইনজেকশনসহ ৯টি বিভাগ।
দাম কমানোর পাশাপাশি সংস্কার উদ্যোগ
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির উৎপাদন ও ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দুর্নীতি, সিন্ডিকেট ভাঙা এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর মাধ্যমে উৎপাদন বাড়ানো হয়েছে।
- ৭০০ অপ্রয়োজনীয় কর্মচারী ছাঁটাই
- দরপত্র উন্মুক্ত করে কাঁচামাল কেনায় মাসে প্রায় ১৮ কোটি টাকা সাশ্রয়
- উৎপাদন বেড়েছে ৫৯ কোটি টাকার সমপরিমাণ
নতুন প্ল্যান্ট ও উৎপাদন লক্ষ্য
ইডিসিএলের এমডি জানান, দুটি নতুন প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। এর মধ্যে একটি হবে ভ্যাকসিন উৎপাদনমুখী বায়োটেক প্ল্যান্ট, যেখানে ইনসুলিনসহ বিভিন্ন বায়োলজিক্যাল পণ্য উৎপাদন করা হবে।”
প্রতিষ্ঠানটির লক্ষ্য—
- সরকারি ওষুধের উৎপাদন ৭০% থেকে ৯০%-এ উন্নীত করা
- টোল ম্যানুফ্যাকচারিং বন্ধ করে সম্পূর্ণ সরকারি কারখানায় উৎপাদন নিশ্চিত করা
সরকারি ওষুধ উৎপাদনে গতি
সামাদ মৃধা বলেন, “আমরা অপচয় রোধ, সিন্ডিকেট ভাঙা এবং খরচ কমানোর মাধ্যমে লাভজনক অবস্থায় ফিরতে কাজ করছি। আগামীতে সরকারি চাহিদা পূরণে আরও বড় ভূমিকা রাখবে ইডিসিএল।”
এসসি//



