বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত পোশাকবিধি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিতর্কের মুখে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সরাসরি নির্দেশে বৃহস্পতিবার সেই সার্কুলার প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এক ক্ষুদেবার্তায় জানায়, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় কয়েকটি বিভাগীয় সভায় কর্মীদের পোশাক সংক্রান্ত পরামর্শমূলক আলোচনা হয়। নারী কর্মীদের জন্য শালীন পোশাক যেমন সালোয়ার-কামিজ, শাড়ি এবং স্কার্ফ পরার পাশাপাশি, পুরুষদের জন্য ফর্মাল ড্রেস পরার পরামর্শ দেওয়া হয়। এছাড়া অতিরিক্ত ফ্যাশনেবল, আঁটসাঁট এবং অফিস পরিবেশের সাথে অসামঞ্জস্যপূর্ণ পোশাক পরা থেকে বিরত থাকার পরামর্শও ছিল।
তবে, গতকাল এই সার্কুলার সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ে। অনেকেই একে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেন।
সমালোচনার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র দপ্তর থেকে একটি ব্যাখ্যামূলক বিবৃতি প্রদান করা হয়। সেখানে বলা হয়, এটি ছিল পরামর্শমূলক সার্কুলার এবং নারীদের বোরকা বা হিজাব পরার ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
ঘটনাটি বিদেশ সফররত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সার্কুলারটি অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেন। গভর্নরের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে সেটি বাতিল করা হয়।
এসসি//



