ঈদুল আজহার একদিন আগেই দেশের স্বর্ণ বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম ২,৪১৫ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৭২,৩৩৬ টাকায়। এই নতুন মূল্য শুক্রবার, ৬ জুন ২০২৫ থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (৫ জুন) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং–এর বৈঠকে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। বাজুস কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মে মাসেই দু’দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। তার এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম বাড়ানোয় সাধারণ গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
নতুন সোনার দাম তালিকা (৬ জুন ২০২৫ থেকে কার্যকর):
- ২২ ক্যারেট: ১,৭২,৩৩৬ টাকা (বৃদ্ধি ২,৪১৫ টাকা)
- ২১ ক্যারেট: ১,৬৪,৪৯৭ টাকা (বৃদ্ধি ২,২৯৭ টাকা)
- ১৮ ক্যারেট: ১,৪০,৯৯৪ টাকা (বৃদ্ধি ১,৯৭১ টাকা)
- সনাতন পদ্ধতি: ১,১৬,৬৪০ টাকা (বৃদ্ধি ১,৬৯১ টাকা)
রূপার দাম অপরিবর্তিত:
- ২২ ক্যারেট রূপা: ২,৮১১ টাকা
- ২১ ক্যারেট রূপা: ২,৬৮৩ টাকা
- ১৮ ক্যারেট রূপা: ২,২৯৮ টাকা
- সনাতন পদ্ধতির রূপা: ১,৭২৬ টাকা
বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে দামের পরিবর্তন এবং স্থানীয় তেজাবী সোনার সংকট এর প্রধান কারণ হতে পারে। ঈদের সময় গহনার চাহিদা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত বাজারে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
এসসি//



