রাজধানীর যাত্রাবাড়ীর জনপদ মোড় ও ভাটারা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালের দিকে তাদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। যাত্রাবাড়ীতে আহতরা হলেন- আব্বাস(৩২) ও আব্দুল লতিফ (৫৬) এবং ভাটারায় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মী আহসান (৫২)।
যাত্রাবাড়ীতে আহত আব্দুল লতিফের ভাই সুমন জানান, আমার ভাই একজন কাঁচামাল ব্যবসায়ী। সকালে অটো রিক্সায় করে যাওয়ার সময় জনপথ মোড়ে তিনজন ছিনতাইকারী অটোরিক্সার গতিরোধ করে। এ সময় অটো রিক্সাচালক আব্বাসকে ধারালো চাপাতি দিয়ে ডান হাতে ও বাম পায়ের নিচে আঘাত করে এবং আমার ভাইকে বাম হাটুর নিচেয় আঘাত করে তারা পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি। তাদের দুজনেরই জরুরিভাবে চিকিৎসা চলছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
অন্যদিকে ভাটারা এলাকা থেকে আহসানকে নিয়ে আসা সহকর্মী শাহাবুদ্দিন জানান, আমরা ভাটারার সিটি কর্পোরেশনের এসটিএস বর্জ্য ব্যবস্থাপনা কর্মী। ভোরের দিকে ময়লা পরিষ্কার করার সময় ২-৩ জন ছিনতাইকারী ডান রানে ছুরিকাঘাত করে তার কাছে থাকা একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, সকালের দিকে যাত্রাবাড়ী ও ভাটারা এলাকা থেকে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হয়।বর্তমানে জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।
এসসি//



