রাজধানীর আদাবর থানার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার অন্যতম আসামি ও কুখ্যাত সন্ত্রাসী মো. রুবেল ওরফে কুমির রুবেল (২৮)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ ও র্যাব-৮।
শনিবার (১৮ অক্টোবর) রাতে মাদারীপুর জেলার ডাসার থানার একটি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আছাদুজ্জামান।
🔹 হত্যাকাণ্ডের পেছনের ঘটনা
র্যাব জানায়, গত ১০ সেপ্টেম্বর রাজধানীর আদাবর ১০ নম্বর বালুর মাঠ এলাকার বস্তিতে চা বিক্রেতা রিপন মিয়া ও তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে র্যাব জানতে পারে, নিহত রিপন বস্তির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি নিয়মিত রুবেল ওরফে কুমির রুবেল ও তার কিশোর গ্যাং সদস্যদের দোকানে বাকি খাওয়া এবং মাদক বিক্রি বন্ধ করতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।’
এর জের ধরে গত ১৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে রুবেল ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রিপনের বাসায় হামলা চালায়। তারা রিপন, তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর রিপন মারা যান।’
রিপন হত্যা মামলার পর র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সূত্রের ভিত্তিতে অবশেষে শনিবার রাতে মাদারীপুর জেলার ডাসার থানার একটি বাড়ি থেকে কুমির রুবেলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আছাদুজ্জামান বলেন, “গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।”
এসসি//



