রাজধানীর শাহজাহানপুর থানার ঝিলপার এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশাল (২৪) ও রবিন (২৪) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
গুলিবিদ্ধ বিশাল পেশায় লেগুনাচালক। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার গোপালনগর গ্রামের নাসির উদ্দিন হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি শাহজাহানপুরের মাদারটেক বাজারের একটি ভাড়া বাসায় থাকেন। অন্যদিকে রবিনের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সুরগঞ্জ গ্রামে। তিনি কামালের ছেলে এবং বর্তমানে শাহজাহানপুর বাগিচা এলাকায় বসবাস করেন।”
ঘটনার বিষয়ে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন তালুকদার জানান, মাদক ব্যবসা নিয়ে রবিন ও শান্ত নামের এক যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শান্ত পিস্তল বের করে রবিনের পেটে গুলি করে। এসময় পাশে থাকা লেগুনাচালক বিশালও গুলিবিদ্ধ হন। পরে শান্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
এসআই মহসিন আরও জানান, গুলিবিদ্ধ রবিন ও শান্ত উভয়েই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আহত দুজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় দায়ী শান্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
এসসি//



