রাজধানীর বাড্ডায় চালককে খুন করে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ছিনতাইকৃত রিকশা বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে দুই যুবক। নিহত রিকশাচালকের নাম মাসুদ ওরফে কাজল (৪২)।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাড্ডার কাঠালদিয়ায় বসুন্ধরা আবাসিক এলাকার গেটের বিপরীত পাশ থেকে কাজলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের শ্যালক মো সেলিম জানান, কাজলের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। তিনি ভাটারার ফাসেরটেক এলাকায় বসবাস করতেন। স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন। জীবিকার তাগিদে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন কাজল।
তিনি আরও জানান, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নতুনবাজার এলাকার গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন কাজল। এরপর আর বাসায় ফেরেননি। রাতে দুই যুবক তার রিকশা নিয়ে একই গ্যারেজে বিক্রি করতে এলে গ্যারেজ মালিক রিকশাটি চিনে ফেলেন। এ সময় মালিকের প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি তারা। বরং রিকশাটিকে নিজেদের দাবি করে। পরে গ্যারেজ মালিক ও স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।’
পুলিশের জিজ্ঞাসাবাদে দুই যুবক স্বীকার করে যে তারা কাজলকে খুন করে বাড্ডার কাঠালদিয়ায় মরদেহ ফেলে রেখে এসেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ”রিকশাচালককে হত্যার পর রিকশা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে দুই ঘাতক। তাদের দেখানো মতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।”
এসসি//



